
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন কাউছার খান (২০) হত্যা মামলার এজাহারনামীয় আসামি আক্কাশ শেখ (৪৫)’কে রাজধানীর দয়াগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন বাসাইল এলাকায় সংঘটিত কাউছার খান হত্যা মামলার আসামি আক্কাশ শেখ (৪৫)’কে গ্রেফতার করে।
র্যাব জানায়, বালু ভর্তি বাল্কহেড নিয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের ক্ষতি হওয়াকে কেন্দ্র করে ২০২৫ সালের ৬ আগস্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে আসামি আক্কাশ শেখসহ তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম সাইউল ইসলাম, তার ছেলে কাউছার খান (২০) ও মামাতো ভাই অহিদুল (৩৫)-এর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে কাউছার খান মারা যান।
ঘটনার পর নিহতের বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন (মামলা নং-০৬, তারিখ ০৭/০৮/২০২৫, ধারা ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪/৩৪/৩০২ পেনাল কোড, ১৮৬০)। মামলাটির তদন্ত কর্মকর্তা র্যাবের সহযোগিতা কামনা করলে র্যাব-১০ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে।
পরবর্তীতে র্যাব-১০ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ১২ নভেম্বর ২০২৫ বিকেল ৪টা ৫০ মিনিটে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আক্কাশ শেখ (৪৫)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।